গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৩ অক্টোবর ২০২৬
ঘণ্টিকা স্কুল ব্যবস্থাপনার সফটওয়্যার — বানায় ও চালায় সারোতিয়া। কোন স্কুল তার শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফের কী তথ্য রাখবে, তা ঠিক করে স্কুল নিজে; সারোতিয়া স্কুলের পক্ষে সেই তথ্য নিরাপদে রাখে। এই পাতায় — কী রাখা হয়, কে দেখেন, কত দিন।
কী রাখা হয়
স্কুল যা লেখে: শিক্ষার্থী (নাম, শ্রেণি, রোল, অভিভাবক, ঠিকানা, ছবি), অভিভাবক (নাম, মোবাইল নম্বর), স্টাফ (নাম, পদ, মোবাইল নম্বর, ইমেইল), ভর্তির আবেদন, হাজিরা, ফি ও রসিদ, পরীক্ষার উত্তর ও ফল, নোটিশ।
লগইনের জন্য: প্রতিটি স্টাফের মোবাইল নম্বর, ইমেইল আর পাসওয়ার্ড — পাসওয়ার্ড কেবল একমুখী হ্যাশে। "Google দিয়ে ঢুকুন"-এ Google ঘণ্টিকাকে জানায় কেবল ইমেইল ঠিকানা আর তা যাচাই করা কি না — নাম, ছবি, পরিচিতি বা Google একাউন্টের আর কিছুই নয়।
নিরাপত্তার জন্য: কে কখন ঢুকলেন আর কে কী বদলালেন — অডিট খাতা।
কে দেখেন
কেবল স্কুলের নিজের স্টাফ, স্কুল যাঁকে যে ভূমিকা দেয় সে অনুযায়ী; অভিভাবক কেবল নিজের সন্তানের তথ্য। এক স্কুল কখনো আরেক স্কুলের তথ্য দেখে না।
সারোতিয়ার লোক দেখেন কেবল স্কুলকে সাহায্য করতে বা সেবা চালু রাখতে — আর সেই দেখা খাতায় থাকে।
আর কে পায়
SMS যায় বাংলাদেশের একটি SMS প্রোভাইডারের (ADN SMS) মাধ্যমে — তারা পায় মোবাইল নম্বর ও বার্তার লেখা। সার্ভার DigitalOcean-এর (সিঙ্গাপুর)। ত্রুটির খবর যেতে পারে Sentry-তে, ব্যক্তিগত তথ্য ছাড়া।
কোনো তথ্য বিক্রি হয় না, বিজ্ঞাপনদাতাকে দেওয়া হয় না।
কত দিন
স্কুল যত দিন ঘণ্টিকা ব্যবহার করে তত দিন; রাতের ব্যাকআপ থাকে ৩০ দিন। কোনো স্কুল বন্ধ করলে তার তথ্য নিজে থেকে মোছে না — স্কুল লিখিতভাবে চাইলে হস্তান্তর বা মোছা হয়।
কুকি
কেবল যা লাগে — লগইন থাকা আর বাছা ভাষা মনে রাখা। বিজ্ঞাপন বা নজরদারির কুকি নেই।
প্রশ্ন
আগে আপনার স্কুলের অফিসে জিজ্ঞেস করুন; ঘণ্টিকা নিয়ে কিছু হলে sarotia.com থেকে সারোতিয়ার সাথে যোগাযোগ করুন।